ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী

আপডেট: October 14, 2026 |
f 35
print news

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানোর যদি চেষ্টা করে, তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।’ এ সময় তিনি পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন।

মন্ত্রী জানান, ভোক্তা পর্যায়ে যাতে সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সে সম্বন্ধে আলোচনা হয়েছে। এটি নির্বাচিত সরকার, জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখব।

বিশ্ব জ্বালানি পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, এরকম অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট করার চেষ্টা করে, এসেনশিয়াল এই (পণ্য) নিয়ে ১৯৫৬ সালে আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।

Share Now