স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহির তাগিদ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে শুধু শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। দুর্বল সুশাসন, স্বার্থের সংঘাত, তদারকির অভাব এবং জবাবদিহিহীনতাই স্বাস্থ্য খাতে দুর্নীতির অন্যতম কারণ। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) দ্বিবার্ষিক প্রতিবেদন ২০২৫-২৬-এ এসব বিষয় উঠে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘চ্যালেঞ্জিং করাপশন: স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ইন বাংলাদেশ’স হেলথ সেক্টর’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৭ জন গবেষকের ১১টি অধ্যায়ে দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চিকিৎসকদের কমিশন দিয়ে থাকে। বড় সরবরাহকারীদের মধ্যে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন লেনদেনের হিসাবও তুলে ধরা হয়েছে।
চিকিৎসায় অবহেলার চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে অনানুষ্ঠানিক অর্থ আদায়, চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি, নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর জবাবদিহির ঘাটতিও প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) ৪৫৯ কোটি টাকার ক্ষতির ঘটনা এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে ন্যায্য মূল্যের চেয়ে ১৮ গুণ বেশি দামে চিকিৎসাসামগ্রী বিক্রির তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটির মূল বক্তব্য তুলে ধরে আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শামস এল আরিফিন বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তিগত অসদাচরণ নয়; এটি দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির সমস্যার প্রতিফলন। দুর্নীতি নিয়ন্ত্রণে সততা ও জবাবদিহিকে প্রতিষ্ঠানের স্বাভাবিক চর্চায় পরিণত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। সভাপতিত্ব করেন বিএইচডব্লিউর উপদেষ্টা দলের সদস্য ড. হালিদা হানুম আখতার।









