পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট: November 20, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ইমাম হোসেন ও তার সহযোগী মীর এনামুল হককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমাম হোসেনের বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ থানার এসআই ফনি ভূষণ রায় তার সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভেবড়া গ্রামে ইমাম হোসেনের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য সেবন ও কেনাবেচা চলছে। তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইমাম হোসেন ও মীর এনামুল হককে হাতেনাতে আটক করা হয়।

পরে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মোবাইল কোর্ট মামলা নম্বর ৫৯-এর মাধ্যমে ইমাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মামলা নম্বর ৫৮-এর মাধ্যমে মীর এনামুল হককে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

পুলিশের রেকর্ড অনুযায়ী, প্রধান অভিযুক্ত ইমাম হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক (প্রায় ১০টি) মাদক মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম শেষে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। তাদের এই গ্রেফতারে ওই এলাকায় মাদকের উপদ্রব অনেকটাই কমে আসবে বলে আমরা আশাবাদী। পীরগঞ্জে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now