দেশে কারিগরি খাতে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপনে পদক্ষেপ নেবে সরকার

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি খাতের শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপনে পদক্ষেপ নেবে সরকার।
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদুত এনরিকো নুনজিয়াটা মঙ্গলবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন।
এ সময় ইতালির রাষ্ট্রদূত বলেন, ইতালির টেক্সটাইল যন্ত্রাংশ উৎপাদক সংঘ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ল্যাবরেটরি স্থাপনে আগ্রহী।
রাষ্ট্রদূত জানান, ল্যাবরেটরিতে ইতালির প্রযুক্তি নির্ভর টেক্সটাইল যন্ত্রপাতি স্থাপন করা হবে।এতে বাংলাদেশ টেক্সটাইল শিল্পের উৎপাদন বিষয়ে দক্ষ জনবল সৃষ্টির সুযোগ পাবে।
এ সময় শিক্ষা উপমন্ত্রী দেশের কারিগরি খাতের শিক্ষার্থীদের বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের ছাত্র-ছাত্রীদের জন্য এ ধরনের আরো ল্যাব স্থাপনের আহ্বান জানান।




















