অসচ্ছল শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট, জবিতে বৃত্তি পাচ্ছেন ৩০ জন

আপডেট: November 27, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: অর্থনৈতিক অসচ্ছলতার কারণে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্য নিয়ে কাজ করছে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট। দরিদ্র, মেধাবী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ট্রাস্টটির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এ পর্যন্ত ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বর্তমানে তাদের মধ্যে ৩০ জন নিয়মিত বৃত্তি পাচ্ছেন।

২০১৬ সালের ১১ জুলাই প্রতিষ্ঠিত মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ২০১৮ সালের ২২ নভেম্বর নিবন্ধিত হয়। ট্রাস্টটির প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবর রহমান।

তার উদ্যোগে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি অভিভাবকত্বের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়।

প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে ড. মো. মাহবুবর রহমান বলেন, অনেক সম্ভাবনাময় দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী অর্থের অভাব, অভিভাবকহীনতা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না।

অন্যদিকে সমাজে এমন অনেক সামর্থ্যবান মানুষ রয়েছেন, যারা এসব শিক্ষার্থীর পাশে দাড়াতে আগ্রহী। এই দুই পক্ষের মধ্যে স্নেহ, দায়িত্ববোধ, সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই মোরাল প্যারেন্টিং ধারণার সূচনা।

ট্রাস্টের বর্তমান কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠাতা জানান, বর্তমানে তাদের সঙ্গে ১ হাজার ৭২৪ জন মোরাল চাইল্ড, ৬০৪ জন মোরাল প্যারেন্ট এবং ১০১ জন ক্যাম্পাস গার্ডিয়ান যুক্ত রয়েছেন।

মোরাল চাইল্ডদের মধ্যে প্রায় ৫০০ জন পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন এবং তাঁদের অনেকে এখন আর বৃত্তি নিচ্ছেন না।

তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ৩০ থেকে ৩৫টি স্কুল-কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ কার্যক্রমের আওতায় রয়েছেন।

বৃত্তি ও অন্যান্য সহযোগিতা

ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। প্রতি দুই মাস অন্তর একটি সেশনে শিক্ষার স্তর অনুযায়ী ১ হাজার ১০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বৃত্তি পান শিক্ষার্থীরা। জুলাই ২০২৫ থেকে কার্যকর নির্ধারিত হার অনুযায়ী এ অর্থ প্রদান করা হচ্ছে। নির্বাচিত কোনো শিক্ষার্থী নিয়মবহির্ভূত কাজে জড়িত না হলে পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত বৃত্তি অব্যাহত থাকে।

শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে মাহবুবর রহমান বলেন, আবেদনকারীর পরীক্ষার ফলাফল, পারিবারিক অবস্থা ও আর্থিক প্রয়োজন বিবেচনা করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ক্যাম্পাস গার্ডিয়ান আবেদন যাচাই করে ট্রাস্টের কাছে পাঠান। পরে আগ্রহী মোরাল প্যারেন্টের মাধ্যমে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে চূড়ান্ত নির্বাচন করা হয়। বৃত্তি চালুর পরও শিক্ষার্থীদের ফলাফল ও পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়।

Share Now