গাজায় ইসরায়েলি হামলা, মন্ত্রীসহ নিহত ১০

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের এই ধারাবাহিক হামলার পাল্টা জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে হামাস।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় খালেদ আবু নাদা প্রাণ হারান। মঙ্গলবারের পর থেকে ইসরায়েলি অভিযানে নিহত তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা হলেন তিনি। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হামাসপ্রধান খলিল আল-হাইয়া এক বিবৃতিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা আর সহ্য করার অবস্থায় নেই তাঁর সংগঠন। তিনি বলেন, “যুদ্ধবিরতি চুক্তির অধীনে হত্যা ও অবরোধের এই সমীকরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতার দায়িত্ব পাওয়া খলিল আল-হাইয়া জানান, ইসরায়েলি চুক্তি লঙ্ঘন ও প্রতিদিন হত্যার নীতির জবাব কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। উল্লেখ্য, ২০২৫ সালে কাতারে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় খলিল আল-হাইয়া নিজেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান, যদিও ওই হামলায় তাঁর ছেলে ও সহযোগীরা নিহত হয়েছিলেন।
গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-কে দায়ী করে হামাসপ্রধান বলেন, “দখলদারদের অপরাধের বিষয়ে বোর্ড অব পিস ও যুদ্ধবিরতি চুক্তির জামিনদারদের নীরব থাকার নীতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
এদিকে, আবু নাদার মৃত্যুর খবর নিশ্চিত করে হামাস এক বিবৃতিতে জানায়, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের একটি ‘জঘন্য অপরাধ’।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। গত এক মাসে ইসরায়েলি বাহিনী প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে দাবি করে নেতানিয়াহু বলেন, “কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের নাগালের বাইরে থাকতে পারবে না।”
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নিহত খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং সশস্ত্র কার্যক্রমে তহবিল জোগাতেন। তাঁর মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়বে বলে দাবি তাদের।
গাজার চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, দেইর আল-বালাহ ছাড়াও বুধবার রাত ও বৃহস্পতিবার গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি শরণার্থীশিবির এবং শেখ রাদওয়ান এলাকায় চালানো আরও তিনটি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন।
হামাসকে লক্ষ্য করে অভিযানের দাবি করলেও ইসরায়েলি হামলায় নিয়মিতই বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছেন। ফিলিস্তিন ও ইসরায়েলের নিজ নিজ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
