মালিঙ্গাকে দলে ফেরাচ্ছে শ্রীলঙ্কা

আপডেট: May 10, 2021 |
print news

ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটকে এখনও বিদায় বলেননি লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটটা ছোট ফরম্যাটের হওয়ায় সেটি চালিয়ে যেতে বেশ কয়েকবারই আগ্রহ দেখিয়েছেন ডানহাতি এই পেসার। আর তাতেই তাঁকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা।

চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আর সেখানেই মালিঙ্গাকে ফেরানোর পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ্য বিক্রমাসিংহে।

করোনা শুরু হওয়ার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। যেখানে দলে ছিলেন মালিঙ্গা। তবে করোনাকালীন শ্রীলঙ্কা ক্রিকেটে ফিরলেও মাঠে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি।

এর আগে অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলেন অভিজ্ঞ এই পেসার। তাতে শঙ্কা তৈরি হয় জাতীয় দলে তাঁর খেলা নিয়ে। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান বিক্রমাসিংহে জানিয়েছেন, ‘আমরা শীঘ্রই লাসিথের সঙ্গে কথা বলব। আগামী টি-টোয়েন্টি সফরের জন্য সে আমাদের পরিকল্পনাতে রয়েছে। এমনকি অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাতেও রয়েছে।’

নিজেদের পরিকল্পনার কথা জানাতে আগামী কয়েকদিনের মাঝেই মালিঙ্গার সঙ্গে দেখা করবেন এসএলসির নির্বাচক কমিটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লাসিথও আমাদের পরিকল্পনায় রয়েছে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সে তার সময়ে আমাদের দেশের একজন সেরা বোলার। রেকর্ডই তার পক্ষে কথা বলে। এই বছর এবং পরের বছর টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আমরা তার সঙ্গে আমাদের পরিকল্পনা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা পরবর্তী কয়েকদিনের মাঝে দেখা করব।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর