ফোন না থাকায় অনেক বন্ধুকে হারিয়েছেন মেসি

আপডেট: May 23, 2021 |
print news

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তার সঙ্গে যোগাযোগ করতে সুযোগের অপেক্ষায় মাসের পর মাস কাটিয়ে দিতে পারেন যে কেউ। অথচ তার কাছেই একসময় ফোন না থাকায় যোগাযোগের অভাবে কাছের অনেক বন্ধুকে হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বার্সেলোনার একাডেমি তথা লা মাসিয়ায় ১৮ বছরের নিচে কারো ব্যক্তিগত ফোন ব্যবহার নিষেধ। তাই সেখানে থাকা মেসিও ব্যক্তিগত ফোন ব্যবহারের সুযোগ পাননি। কারো সঙ্গে কথা বলতে হলে হয় ইমেইল পাঠাতে হতো অথবা একাডেমির ফোন থেকে কল করতে হতো। তাই চাইলেই যেকোনো বন্ধুকে ফোন দিতে পারতেন না বর্তমান বার্সা অধিনায়ক।

এ ব্যাপারে এক সাক্ষাৎকারে মেসি বলেন, বর্তমান যুগে ১৩-১৪ বছরের যেকোনো ছেলের কাছে ফোন থাকে।

কিন্তু বার্সেলোনায় আমার শুরুর দিনগুলোতে মেইল বা ক্লাবের ফোন ছাড়া যোগাযোগ করার আর কোনো মাধ্যমই ছিল না। যোগাযোগ করার সহজ কোনো উপায় না থাকায় আমি আমার অনেক বন্ধুকে হারিয়েছি।

শৈশবটা পরিবার থেকে দূরে কাটালেও নিজের বাচ্চাদের প্রতি যথেষ্ট যত্নবান মেসি। সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ভাগ্যবান, আমার সন্তানদের সঙ্গে মোটামুটি সারাদিন থাকতে পারি। তাদের স্কুলে নিয়ে যাওয়া-আসা, ফুটবল ট্রেনিংয়ে নিয়ে যাওয়া এবং অন্যান্য কাজে সহায়তা করতে আমি অনেক ভালবাসি।

খেলা ও পরিবারকে সময়ে দেয়ার বাইরের সময়টা কীভাবে কাটান সেটিও জানান ক্ষুদে জাদুকর। তিনি বলেন, আমি বিভিন্ন লিগের খেলা দেখতে পছন্দ করি এবং প্রতিপক্ষের খোঁজ রাখার চেষ্টা করি।

এটা আমাকে তাদের বিপক্ষে খেলার সময় কীভাবে চাপ বাড়াবো এবং আক্রমণ করবো তা ঠিক করতে সহায়তা করে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now