মাস্ক না পড়ায় ছাড় পেলেন না ভারতীয় ক্রিকেটারও

আপডেট: May 30, 2021 |
print news

করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত ভারত। বর্তমানে দেশজুড়ে চলছে লকডাউন। এর মাঝে নিয়ম ভাঙায় শাস্তির মুখে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রাহুল ত্রিপাঠি।

মাস্ক না পড়ায় তাকে জরিমানা করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আইপিএল স্থগিত হওয়ায় ইংল্যান্ড সফরগামী ভারতীয় ক্রিকেটাররা বাদে বাকিরা যে যার বাড়িতে আছেন।

রাহুলও পুণের নিজ বাড়িতেই রয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার মাস্ক ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। বিশেষ কোনো কারণ ছিল না, এমনিই গাড়িতে করে ঘুরছিলেন।

কোঁধয়া এলাকায় ত্রিপাঠিকে দেখতে পেয়ে আটকায় পুলিশ। এর কিছুদিন আগেই টুইট করে সাধারণ মানুষকে মাস্ক পরার অনুরোধ করেছিলেন তিনি। অথচ নিজেই ভেঙেছেন নিয়ম। জানা গেছে, কোঁধয়ার খাদি মেশিন চকের কাছে এই ব্যাটসম্যানকে ধরা হয়।

কোঁধয়া থানার প্রবীণ অফিসার সর্দার প্যাটেল বলেন, ওই ক্রিকেটারকে মাস্ক ছাড়াই ঘুরতে দেখা গেছে। কোনো কারণ ছাড়াই লকডাউনে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। গাড়িতে আরো লোক ছিল। তাই তাকে জরিমানা হিসেবে ৫০০ টাকা দিতে হয়েছে।

বর্তমানে ভারতের মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ সব থেকে বেশি। পুণের প্রকোপও সাংঘাতিক। তাই দীর্ঘদিন ধরেই সেখানে চলছে লকডাউন। তবে এই প্রথম কোনো ক্রিকেটারকে রাস্তায় কোভিড-বিধি ভাঙতে দেখা গেল।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর