রুশ-চীনা ২৮টি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা

২৮টি প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এর মধ্যে ১১টি চীনা এবং ৫টি রুশ কম্পানির ওপর নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ তৈরি করে বলে অভিযোগ আনা হয়েছে। ফলে তাদের কাছে প্রযুক্তি রপ্তানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা।
সোমবার চীন, রাশিয়া, ফিনল্যান্ড ও জার্মানির প্রতিষ্ঠানসহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত মঙ্গলবার তেহরানের ড্রোন ও সামরিক বিমান নির্মাণকে কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।
এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান এস্তেভেজ বলেছেন, যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করবে, তাদের বিরুদ্ধে দ্রুত ও অর্থপূর্ণ ব্যবস্থা নিতে আমরা কোনো দ্বিধা করব না। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড এও রাশিয়ার এসএমটি-আইলজিকসহ ৯টি কম্পানি রাশিয়ার মেইন ইন্টেলিজেন্স ডিরেক্টরেট অব দ্য জেনারেল স্টাফের (জিআরইউ) জন্য ড্রোন যন্ত্রাংশ সরবরাহ করার পরিকল্পনায় অংশ নিয়েছিল।
তদন্তে দেখা গেছে, হংকংভিত্তিক রপ্তানিকারক এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড রাশিয়ার ড্রোন সরবরাহকারীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমদানি সংস্থা এসএমটি আইলজিকের সঙ্গে এই ফার্মটি গত মে মাসে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল।
সূত্র : রয়টার্স













