বাংলাদেশ থেকে সরাসরি ত্রাণ পাঠানোর অনুমোদন পেল আশ ফাউন্ডেশন

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ সরকারের সহযোগিতায় অবশেষে গাজায় সরাসরি ত্রাণ পাঠানোর অনুমোদন পেল বাংলাদেশের প্রথম সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার নির্যাতিত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই ত্রাণ পাঠানো হবে।
মিশরের মাধ্যমে চলমান মানবিক উদ্যোগের পাশাপাশি এবার বাংলাদেশ থেকেই সরাসরি ত্রাণ পাঠানোর সুযোগ তৈরি হলো।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সালে তাদের কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন লাভ করে এবং ২০১৯ সালে এনজিও ব্যুরোর অধীনে রেজিস্ট্রেশন পায়।
জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আশ্রয়, ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ASH Foundation USA Inc. এর সহযোগিতায় ফাউন্ডেশনটি মিশর সীমান্ত হয়ে গাজায় ত্রাণ পৌঁছে দিচ্ছে।
এছাড়াও প্রবাসফেরত যাত্রীদের সহায়তায় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার’ চালু রয়েছে, যা অভিবাসী কর্মীদের তাৎক্ষণিক সহযোগিতা ও পুনর্বাসনে কাজ করছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গাজাবাসীর প্রতি এই সহায়তা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক।
সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় আমরা আরও বিস্তৃত ত্রাণ কার্যক্রম চালিয়ে যেতে চাই।





