পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পল কাপুরের বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার সকালে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও বৈঠকে বসেন। এছাড়া সফরকালে তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। পাশাপাশি দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তার।
দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন। এরপর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে তার। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও রয়েছে মার্কিন এই কূটনীতিকের।
এর আগে সোমবার এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, পল কাপুরের এই সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা।
সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করবেন।













