স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বপ্ন রায় (২৩) নামে এক স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
১৬ মে (শনিবার) দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বপ্ন রায়।
পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন লিখে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, “স্বপ্ন রায় স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়নঘরে আত্মহত্যা করেছেন।
পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

















