বিশ্বকাপের পর বিশ্রামে মেসি, এখনই ফিরছেন না মায়ামিতে

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলেও এখনই ক্লাব ফুটবলে ফিরছেন না লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালের ধকল কাটিয়ে কিছুদিন বিশ্রাম নেবেন আর্জেন্টাইন অধিনায়ক। একই কারণে ইন্টার মায়ামির হয়ে আপাতত মাঠে দেখা যাবে না মিডফিল্ডার রদ্রিগো ডি পলকেও।
ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা না দিলেও, ইএসপিএন জানিয়েছে, ফিফপ্রোর সুপারিশ অনুযায়ী দুই ফুটবলারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড়দের স্বাস্থ্য ও পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আটটি ম্যাচই খেলেছেন মেসি। এর মধ্যে সাতটিতে ছিলেন শুরুর একাদশে। স্পেনের বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়সহ পুরো ১২০ মিনিটের বেশি মাঠে ছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা।
রদ্রিগো ডি পলও বিশ্বকাপজুড়ে নিয়মিত খেলেছেন। ফিফপ্রোর নীতিমালা অনুযায়ী, মৌসুম শেষে ফুটবলারদের অন্তত ২১ দিনের বিশ্রাম দেওয়ার সুপারিশ রয়েছে। পাশাপাশি বিশ্বকাপ চলাকালে ম্যাচগুলোর মধ্যে পর্যাপ্ত বিরতির বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়।
বিশ্বকাপের কারণে গত ২৬ মে থেকে বিরতিতে ছিল মেজর লিগ সকার (এমএলএস)। টুর্নামেন্ট শেষ হওয়ায় আবার শুরু হয়েছে লিগের খেলা। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এরপর রবিবার মন্ট্রিয়লকে মোকাবিলা করবে দলটি।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, এই দুই ম্যাচেই খেলবেন না মেসি ও ডি পল। শুধু তাই নয়, আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য লিগা এমএক্স অল-স্টার ম্যাচেও তাদের দেখা যাবে না।
গত মৌসুমে পূর্বানুমতি ছাড়া অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন মেসি। তবে এবার ক্লাব কর্তৃপক্ষ আগেভাগেই জানিয়ে দিয়েছে, বিশ্রামের কারণেই অল-স্টার ম্যাচে অংশ নেবেন না আর্জেন্টিনার দুই তারকা।
সূত্র: ইএসপিএন













