জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

জয়পুরহাটে নানা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণ থেকে এক আনন্দ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
ঢাক-ঢোল ও নানা বাধ্যযন্ত্র সহযোগে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানে হাজারও হিন্দু নারী-পুরুষ ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এর আগে কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওয়াহাব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক নন্দ কিশোর আগরওয়ালা, জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সভাপতি নির্মল কুমার মন্ডল এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃষিকেশ সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের মূল বাণী ছিল সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সকল ভেদ-ভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা এবং জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারী মন্দির যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।






