রাণীশংকৈলে গাঁজা সেবনরত অবস্থায় স্থানীয়দের হাতে আটক, পরে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের জেল

আপডেট: October 3, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেচ পাম্প ঘরে মাদক সেবনকালে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী এলাকায় কুলিক নদী ব্রিজের নিচের একটি সেচ পাম্প ঘর থেকে তাদের আটক করে স্থানীয়রা।

দণ্ডপ্রাপ্ত হলেন, উপজেলা পৌর শহরের বজলুর রহমানের ছেলে আশরাফুল (২৭),রেজাউল হকের ছেলে শামিউল হাসান (২৬) এবং আসালত ইসলামের ছেলে খালেদ (২৪)। আটককালে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা এবং ১টি গাঁজা ভর্তি সিগারেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলিক নদী ব্রিজের নিচের সেচ পাম্প ঘরটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকের আড্ডা চলছিল।

বৃহস্পতিবার সেখানে ওই তিন যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

পরে সেখানে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অপরাধে আসামিদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর