জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন , প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস–২০২৬ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জয়পুরহাটের আয়োজনে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, মোহাইমেনা শারমিন ও জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ও এস এম তানভীর উল আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মক্ষেত্রে সময় ও শ্রমের সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।
বক্তারা আরও বলেন, উৎপাদনশীলতা শুধু শিল্পখাতেই নয়, কৃষি, মৎস্য, সেবা ও সরকারি-বেসরকারি প্রতিটি ক্ষেত্রে বাড়াতে হবে। প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য, উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল এবং দেশের সামগ্রিক উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।







