হরিপুরে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদুড়া ইউনিয়নে আজ শুক্রবার (২ অক্টোবর) এক মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজে মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তার রোধ এবং সার্বিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে মাদক ও জুয়ার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক ও জুয়া কেবল একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং এর নেতিবাচক প্রভাব পুরো পরিবার, সমাজ ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে।
তাই একটি সুস্থ, নিরাপদ ও মাদক-জুয়ামুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও স্পষ্ট করেন যে, মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।
হরিপুরের গেদুড়া মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ।
এছাড়াও সমাবেশে গেদুড়া মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশ শেষে উপস্থিত সকলে এলাকাকে মাদক ও জুয়ামুক্ত রাখার অঙ্গীকার প্রকাশ করেন।







