জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল

আপডেট: November 27, 2026 |
print news

সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার বা জুমার দিনের মর্যাদা ও গুরুত্ব বিশেষ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ঈদ হিসেবে পরিচিত। এ দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও ফজিলত। জুমার নামাজ আদায়ের পাশাপাশি এমন চারটি আমল রয়েছে, যেগুলোর প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিশেষভাবে উৎসাহিত করেছেন।

ব্যস্ততা কিংবা অসচেতনতার কারণে অনেকেই এসব আমলের প্রতি যথাযথ গুরুত্ব দেন না। অথচ জুমার দিনের বরকত ও ফজিলত লাভে এসব আমল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমলগুলো হলো—

১. বেশি বেশি দরুদ পাঠ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের অন্যতম মাধ্যম হলো তাঁর ওপর দরুদ পাঠ করা। বিশেষ করে জুমার দিন ও রাতে বেশি বেশি দরুদ পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে।

রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)

তাই শুধু জুমার নামাজের আগে বা পরে নয়, পুরো দিন ও রাতেই দরুদ পাঠের অভ্যাস করা উচিত। দৈনন্দিন কাজের ফাঁকে কিংবা চলার পথেও এ আমল করা যায়।

২. সুরা কাহাফ পাঠ

পবিত্র কোরআন তিলাওয়াত সব সময়ই গুরুত্বপূর্ণ ইবাদত। তবে জুমার দিনের সঙ্গে সুরা কাহাফ পাঠের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।

রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নুর বিচ্ছুরিত হবে।’ (আল-মুস্তাদরাক লিল হাকিম, হাদিস: ৩৩৯২)

এই নুর বলতে দুনিয়ার জীবনে হেদায়েত ও কল্যাণের আলো এবং পরকালে মুক্তির আলো—উভয়টিই উদ্দেশ্য হতে পারে।

সুরা কাহাফে ঈমান রক্ষায় আত্মত্যাগ, সম্পদের মোহ থেকে মুক্ত থাকা, জ্ঞান অর্জনে বিনয়ী হওয়া এবং ক্ষমতার যথাযথ ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। তাই শুধু তিলাওয়াত নয়, এ সুরার অর্থ ও শিক্ষা অনুধাবনের চেষ্টাও করা উচিত।

৩. দোয়া কবুলের বিশেষ সময় খোঁজা

জুমার দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এ দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ কামনা করলে তিনি তা কবুল করেন।

রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলিম বান্দা সে সময় নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৯৩৫)

দোয়া কবুলের সেই বিশেষ সময়টি কখন, তা নিয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। তবে সহিহ হাদিসে দুটি সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হলো, ইমাম খুতবার জন্য মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। অন্যটি হলো, আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগপর্যন্ত। (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৩)

তাই জুমার খুতবা ও নামাজের সময় এবং আসরের পর সূর্যাস্তের আগপর্যন্ত দোয়া করার প্রতি বিশেষ মনোযোগী হওয়া উচিত।

৪. পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া

ইসলামে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জুমার দিনের জন্যও এ বিষয়ে রয়েছে বিশেষ নির্দেশনা। রাসুল (সা.) বলেন, ‘প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিনের গোসল অপরিহার্য।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৭৯)

অধিকাংশ ফকিহের মতে, জুমার দিনের গোসল সুন্নতে মুয়াক্কাদা। এ ছাড়া দাঁত ভালোভাবে পরিষ্কার করা, সুগন্ধি ব্যবহার করা এবং সামর্থ্য অনুযায়ী উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করাও জুমার দিনের গুরুত্বপূর্ণ আদব। (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)

হাদিসে এসব কাজের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। তাই জুমার নামাজে যাওয়ার আগে গোসলসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া উচিত।

জুমার দিন আল্লাহর নৈকট্য অর্জন, ইবাদত-বন্দেগি বৃদ্ধি এবং নেক আমলের পাল্লা ভারী করার বিশেষ সুযোগ নিয়ে আসে। তাই শুধু জুমার নামাজ আদায়েই সীমাবদ্ধ না থেকে দিনের অন্যান্য আমলের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত।

Share Now