নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জবি ছাত্রদলনেতা রুমির নেতৃত্বে মিছিল

আপডেট: November 27, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২ নং যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি সমাপ্ত হয়।

মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। এ সময় ক্যাম্পাসে সন্ত্রাস, বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিহত করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

মিছিলের নেতৃত্ব দেওয়া মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন,সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা প্রয়োজন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সোচ্চার রয়েছে। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখব। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now