আক্কেলপুরে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী হুইপ স্বপন

আপডেট: December 1, 2023 |
inbound3041448045675928037
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মোড় থেকে পায়ে হেঁটে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

হুইপ স্বপন গোপীনাথপুর মোড় থেকে পায়ে হেঁটে ও ভ্যান যোগে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার পথে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শতশত স্থানীয় জনগণরা তাকে ফুল দিয়ে ও জয় বাংলা সহ বিভিন্ন শ্লোগানে শুভকামনা জানায়। এসময় তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা সুলতানা মলি, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নবীবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হুইপ স্বপন বলেন, আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণসহ ব্যাপক উন্নয়ন করেছে সরকার।

উন্নয়ন অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

জয়পুরহাট-২ আসনে বর্তমান সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তিনি পুনরায় আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী।

কেন্দ্রীয় কমিটিতে ৫ম বারের মতো সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন এই নেতা।

১৯৯১ থেকে ৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৯২-৯৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৪-৯৮ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০২ সালে তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে চলে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকের পদে। সেখানে টানা সাত বছর দায়িত্ব পালন করে।

২০০৯ সালে প্রথমবারের মতো সাংগঠনিক সম্পাদকের পদ পান। এরপর থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের এই নেতা বর্তমান সময় পর্যন্ত টানা পাঁচবার একই পদে থেকে রাজনীতি করছেন।

এই পদে থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করতে রাজশাহী, খুলনা, রংপুর বিভাগের দায়িত্ব পান। বর্তমানে তিনি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন, জয়পুরহাট- ২ আসন তথা আক্কেলপুর, কালাই ও ক্ষেতলালে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৩৬ হজার ৭১ জন।

Share Now

এই বিভাগের আরও খবর