আ: লীগের আমলে সাক্ষ্য-প্রমাণ ছাড়াই বিএনপি নেতাদের সাজা দেওয়া হয়: মীর নেওয়াজ আলী

আপডেট: July 7, 2026 |
print news

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কারাগারে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই বিএনপি নেতা সাঈদ হোসেন সোহেলের মৃত্যু হয়েছে।

তিনি এ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের দাবি জানান। তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাক্ষ্য-প্রমাণ ছাড়াই বিএনপি নেতাদের সাজা দেওয়া হয়।

তিনি দাবি করেন, আদালতে আত্মসমর্পণের পর তাকে, সাঈদ হোসেন সোহেল এবং চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার পারভেজ বাদলকে কারাগারের ভেতরে পৃথক স্থানে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়।

এমনকি আদালত জামিন দিলেও একের পর এক নতুন মামলায় সোহেলকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (৬ জুলাই) খালেদা জিয়া-তারেক জিয়া ও পিন্টু মুক্তি পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এবং লালবাগ থানা বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মরহুম সাঈদ হোসেন সোহেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালবাগের আজিমপুর ছাপরা মসজিদ এলাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর নেওয়াজ আলী বলেন, সাঈদ হোসেন সোহেলকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

অসুস্থ হয়ে পড়লেও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসার অভাবেই ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যান। এ ঘটনাকে তিনি ‘নির্মম হত্যাকাণ্ড’ উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তিনি আরও বলেন, সাঈদ হোসেন সোহেল লালবাগ থানা ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ক্ষমতার অপব্যবহার ও কারচুপির মাধ্যমে তাকে মাত্র সাত ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয় বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মরহুম সাঈদ হোসেন সোহেলের পরিবারের সদস্যরা।

এদিকে সাঈদ হোসেন সোহেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালবাগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর