আজ রাতে ঢাকা মাতাবেন সঞ্জয় ও প্রীতম

আপডেট: July 19, 2026 |
print news

ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনালের জন্য ঢাকার মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান।

রোববার (১৯ জুলাই) ফাইনাল উপলক্ষ্যে রাতে রাজধানী ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। দর্শকদের ফাইনালের উন্মাদনা বাড়িয়ে দিতে আলাদা দুটি কনসার্টে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। অন্যদিকে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এর পাশাপাশি মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।

এর মধ্যেই কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন ডিজে সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফাতেহি। একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষ্যে আয়োজিত একাধিক ফ্যানফেস্টেও গান পরিবেশন করেছেন তারা। সেই আন্তর্জাতিক বিশ্বকাপ যাত্রার অংশ হিসেবেই এবার ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সঞ্জয় দেব। এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বনানীর পূজা মাঠে।

একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের সমাপনী কনসার্ট অনুষ্ঠানে পারফরম করতে এর মধ্যেই সংগীত পরিচালক-ডিজে সঞ্জয় দেব ঢাকায় এসে পৌঁছেছেন। এমনকি অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।

এদিকে বিশ্বকাপ ফাইনাল কেন্দ্র করে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি জমজমাট অনুষ্ঠান। যেখানে বড়পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ উপভোগ করার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিশেষ কনসার্ট। এ মঞ্চে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সঙ্গে দর্শকদের সুরের মায়ায় জড়াতে আরও থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। আজ রোববার (১৯ জুলাই) রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে অনুষ্ঠান।

Share Now

এই বিভাগের আরও খবর