৮ বিভাগে ১৪ জন শিক্ষক নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবেদনের সময়সীমা প্রকাশ

আপডেট: August 27, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আটটি বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে মোট ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সময়সীমা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৬ আগস্ট) থেকে শুরু করে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে সমাজকর্ম বিভাগে একজন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন নিয়োগ পাবেন।

প্রভাষক পদে সংগীত বিভাগে দুজন, নাট্যকলা বিভাগে দুজন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে দুজন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে একজন, প্রিন্ট মেকিং বিভাগে একজন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। প্রতিটি পদের বিস্তারিত যোগ্যতা ও শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। আবেদন ফি হিসেবে ৬০০ টাকা নগদ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদন শেষে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি এবং অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্রের আট সেট জমা দিতে হবে।

আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ আবেদন করার শেষ সময়। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Share Now

এই বিভাগের আরও খবর