ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী আব্দুল বারীর

জয়পুরহাট প্রতিনিধিঃ জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন, জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সমর্থকদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
শুক্রবার বিকেলে জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়া এলাকার ‘এসো কার্নিভাল’-এ জেলা বিএনপির উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
তাই নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাবসহ জেলা বিএনপির সদস্যবৃন্দ, পাঁচ থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল, প্রার্থী-সমর্থকদের সমন্বয় এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।














