জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট: October 3, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘুরে জেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং জয়পুরহাট জেলা প্রবীণ ও হিতৈষী সংঘের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ ও সিনিয়র সিটিজেন আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম মনিরুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আব্দুল হাই।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিক প্রবীণ ও সিনিয়র সিটিজেন অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের জীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও সমাজে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের প্রবীণদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।

তাই প্রবীণদের নিরাপত্তা, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পরিবার ও সমাজের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগও আরও কার্যকর করা প্রয়োজন।

সভায় প্রবীণদের জন্য বয়স্ক ভাতা, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর