সংরক্ষিত নারী আসনে এনসিপির নেত্রীর প্রার্থিতা স্থগিত

আপডেট: April 22, 2026 |
inbound8023754303788699940
print news

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ের মধ্যে তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইসির কাছে জমা দিতে হবে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরের পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে আজ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলের ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মনিরা ছাড়া বাকি ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ হয়েছে।

দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, আমরা ১৩টি বাছাই করেছি, এরমধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হল। একজনের মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমান (পেন্ডিং)। আগামীকাল দুপুর ১২ টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছে, তাতে সরকারি পে স্কেলের কথা উল্লেখ রয়েছে। এ জন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা এই পদে বহাল থাকার সুযোগ নেই। এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দিয়েছিলেন। বছরখানেক চাকরি করার পর গত বছরের (২০২৫ সাল) ডিসেম্বরে তিনি চাকরি ছেড়ে দেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মনিরা শারমিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপির একাধিক দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেছেন, চাকরি স্থায়ী হওয়ার আগেই মনিরা শারমিন কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছিলেন। ফলে তিন বছরের বাধ্যবাধকতার বিষয়টি মনিরা শারমিনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা নয়।

এদিকে এনসিপির পক্ষ থেকে মঙ্গলবার নির্ধারিত সময়ের পরে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দেওয়া হলেও তা আর আমলে নেয় নি রিটার্নিং অফিসার।

উল্লেখ্য, সংরক্ষিত আসনের মনোনয়নের বিষয়ে ইসিতে আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

Share Now

এই বিভাগের আরও খবর