আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জবির দ্বিতীয় সমাবর্তন

আপডেট: August 25, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করেন ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দেড় দশক পর ২০২০ সালে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

পুরান ঢাকার ধূপখোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম সমাবর্তনের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর দ্বিতীয় সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

২০২৩ সালের মার্চে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সে সময় সমাবর্তনের প্রস্তুতি এগিয়ে গেলেও একই বছরের এপ্রিল মাসে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত আয়োজন স্থগিত হয়ে যায়।

এরপর কেটে গেছে দীর্ঘ সময়। দ্বিতীয় সমাবর্তন নিয়ে শিক্ষার্থীদের অপেক্ষাও দীর্ঘ হয়েছে। অবশেষে নতুন করে তারিখ নির্ধারণের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসানের পথে এগোচ্ছে বিশ্ববিদ্যালয়।

জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন জানান, প্রাথমিকভাবে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে যথাসময়েই অনুষ্ঠানটি আয়োজন করা হবে। কিন্তু বিশেষ প্রয়োজনে এই তারিখ পরিবর্তিত হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাসময়েই সমাবর্তন আয়োজনের সার্বিক প্রচেষ্টা থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর