গরুর হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা: তাপস

আপডেট: June 25, 2020 |
print news

গরুর হাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরণের নির্দেশনা দেয়া হবে। হাট পরিচালনা বা এর সাথে সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীকে অবগত করে বলেন, করোনা মহামারী বিবেচনায় নিয়ে এবার গরুর হাটে যাতে করে স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে ইতোমধ্যে আমরা ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে ক’দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সেসব হাটগুলো তদারকি করবে, যাতে করে মহামারী করোনা বিস্তৃতি লাভ করতে না পারে। এছাড়াও, স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডিএসসিসি মেয়র তাপস আরও জানান,অস্থায়ী এ সকল গরুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে এবং গরু কেনা-বেচায় একটি গরু থেকে কতটুক দূরত্বে আরেকটি গরু রাখতে পারবে, সেটাও আমরা চিহ্নিত করে দেব। আর হাটগুলোতে একমুখী চলাচল নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হবে।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র তাপস বলেন, মন্ত্রণালয়ের সাথে কর্পোরেশনের চমৎকার সমন্বয়ের ফলে আমাদের কাজের গতিশীলতাও অনেক বৃদ্ধি পেয়েছে।

এই সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ এমদাদুল হক, কর্পোরেশনের আকরামুজ্জামান অন্যান্যদের মধ্যে বৈঠককালীন উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজ/ ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর