ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আপডেট: November 2, 2023 |
inbound877982000900559543
print news

ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলে আক্কাস শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আক্কাস শেখ ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার মোজাহার শেখের ছেলে। রায় ঘোষণার সময় আক্কাস শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি নবাব আলী মৃধা জানান, সাক্ষী ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায়ের আদেশ দিয়েছেন। বাদী পক্ষ ও আমরা এ রায়ে খুশি।

জানা যায়, ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার বাসিন্দা মোজাহার শেখের ছেলে আক্কাস শেখ (৩০) দীর্ঘদিন যাবত মাদক সেবন করতো। নিজে কোনো কাজ করতো না, মাদক কেনার জন্য তার পিতা-মাতার কাছ থেকে টাকা নিতো।

টাকা না দিলেই তাদের মারপিট করতো। মাদক সেবনের দায়ে পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। জামিনে বের হয়ে এসে আবার টাকার জন্য চাপ সৃষ্টি করে।

গত ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে আক্কাস শেখ তার মা আমেনা বেগমের (৫০) কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস উত্তেজিত হয়ে আমেনা বেগমের মাথায় কাঠের বাটাম এবং পরে দা দিয়ে কুপিয়ে জখম করে।

পরে তাকে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মারা যান।

এ ঘটনায় আক্কাসের বাবা মো. মোজাহার শেখ (৭৫) বাদী হলে ছেলেকে একমাত্র আসামী করে পরদিন ৭ ফেব্রুয়ারি ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতায়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন ২০১৮ সালের ১৩ এপ্রিল মাকে হত্যার দায়ে ছেলে আক্কাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Share Now

এই বিভাগের আরও খবর