নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি

আপডেট: January 27, 2026 |
inbound619305443249637347
print news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা দায়িত্বে থাকবেন তারা গণভোটের পক্ষে-বিপক্ষে না যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাব দিতে চাননি আনোয়ারুল ইসলাম সরকার।

এ নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন একটি প্রতিষ্ঠান তবে সরকারের কোনো কাজ নিয়ে সমালোচনা করতে চায় না। এখন পর্যন্ত অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী মাঠ স্বচ্ছ রয়েছে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এখন পর্যন্ত ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি ভঙ্গ হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে ৯৪টি আর জরিমানা আদায় হয়েছে ৯ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।

কমিশনের উপর শতভাগ আস্থা রেখেই এবার ভোট কেন্দ্রে আসবে ভোটারা এবং নির্বাচন ঘিরে সব আশঙ্কা কাটিয়ে উঠতে সক্ষম হবে ইসি বলেও জানান তিনি।

এদিকে ইসি জানায়, সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এছাড়া ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে।

৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোট দান সম্পন্ন হয়েছে। ৩ লাখ ৭০ হাজার ৩২২জন প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। এ ছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

সালীম আহমাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর