ঢাকার ঐতিহ্য তুলে ধরবে জবি, থাকছে স্টিমার-বাকরখানি-ঘুড়ি

আপডেট: August 27, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬-হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য এ শোভাযাত্রায় জবির অংশগ্রহণকে ঐতিহ্য ও সংস্কৃতির রঙে সাজানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঢাকার ঐতিহ্যকে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদর্শন করা হবে বড় আকারের স্টিমার, বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের প্রতিকৃতি।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের পরিচালকরা অংশ নেবেন।

এছাড়া বিএনসিসি, রোভার স্কাউটস, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সদস্যসহ কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের শিল্পী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার, গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের পাশ দিয়ে নগর ভবনে গিয়ে শেষ হবে।

ঢাকা দিবসের এ আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আকর্ষণীয়, ঐতিহ্যনির্ভর ও তাৎপর্যপূর্ণ করে তুলতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর