বারে ২ লাখ টাকার খাবারের বিল দিতে না পারায় চুল খুইয়ে ফিরলেন তরুণী

তরুণীটি একটি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বারে প্রবেশ করেছিলেন। খাওয়া-দাওয়া শেষে টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করলে বারের কর্মীরা তাকে আটকে দেন। তারা বিষয়টি পুলিশকে না জানিয়ে নিজেদের হাতে তুলে নেন এবং বকেয়া বিলের কিছু অংশ মেটাতে তরুণীকে চুল বিক্রির অনানুষ্ঠানিক চুক্তিতে রাজি হতে বাধ্য করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরা ওই তরুণী চুল কাটার চুক্তিতে সায় দিচ্ছেন।
এরপর বারের এক কর্মী ইলেকট্রিক রেজার দিয়ে তার কাঁধ পর্যন্ত লম্বা চুল গোড়া থেকে কেটে ফেলছেন।
ভিডিওটি প্রকাশ পাওয়ার পর ইন্টারনেটে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই পুলিশের কাছে না গিয়ে বারের কর্মীদের এমন আইন হাতে তুলে নেওয়াকে ‘আক্রমণাত্মক ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। বিষয়টি জানতে পেরে থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা মন্ত্রণালয় ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।












