তেঘর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ

আপডেট: September 4, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও জয়পুরহাট চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল আলীম।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৌহিদুল ইসলাম মিলন, শিক্ষক প্রতিনিধি মাজেদুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে নিয়মিত পড়াশোনা ও অভিভাবকদের তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ এবং ভবিষ্যতে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে তেঘর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Share Now