নাশকতার অর্থ জোগান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ

আপডেট: November 11, 2026 |
print news

রাজধানীর লালবাগে নাশকতার অর্থ জোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাত ১২টার দিকে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি সৈয়দ মো. দিপু (৪০) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহ-সভাপতি মো. ফারুক (৪৮)। দুজনে লালবাগের ঢাকেশ্বরী রোডের পলাশী ও শহীদনগর এলাকার বাসিন্দা।

ওসি জামিল জানান রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় অর্থ জোগানে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে একজন যুবলীগ ও আরেকজন স্বেচ্ছাসেবক লীগের নেতা। এলাকায় আত্মগোপন করে তারা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে নেতাদের দেওয়া নাশকতার নির্দেশনা বাস্তবায়নে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share Now