ইবির বাসে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ ,ছাত্র ইউনিয়নের উদ্বেগ ও প্রতিবাদ

আপডেট: November 11, 2026 |
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার ‘দিগন্ত’ বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। গত রাত সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী বাসে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব এ উদ্বেগ ও প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের যাতায়াতের বাহনে এ ধরনের নাশকতামূলক হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে দেওয়ার কোনো অধিকার কারও নেই।

তারা আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

Share Now