ঠাকুরগাঁওয়ে কলেজের মুল ফটকে তালা দিয়ে ছবি তোলার সময় ছাত্রলীগ নেতা আটক

আপডেট: November 11, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত ধর্মঘট কর্মসূচিতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা দিয়ে পোস্টার সাটিয়ে ছবি তোলার সময় আরিফ হাসান নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

আটক আরিফ হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ শাখার সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।

বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমিরউদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরিফ।

আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সতর্ক ছিলাম। তাকে দেখামাত্র ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে আটক করি এবং পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করি।

ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল করতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Share Now