ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জন আটক

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মো. মানিক (২০), মো. আলম (১৮), মো. জসিম (১৮), মো. নয়ন আলী (৩১), মো. জাহিদুল ইসলাম জাহিদ (২৮), মো. সমসের আলী (১৮) এবং রঘুনাথপুর গ্রামের মো. সোহেল রানা (২৩) ও মো. আকাশ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় অপরাধ করায় পীরগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানায় মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
