পীরগঞ্জে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাত নয়টা ২০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নের বলদিয়ারা গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি বাড়ির উঠান থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের কোতোয়ালি থানার হামজাপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩০) ও তাঁর স্ত্রী নুর বানু্ (২৭)। তাঁরা বর্তমানে পীরগঞ্জ উপজেলার বলদিয়ারা গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ সূত্র জানায়, পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আলী একদল পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তিনি ওই বাড়িতে অভিযান চালান। এ সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গতকাল পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, মাদকসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাঁদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
