সিংগাইরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, আহত ২

আপডেট: October 12, 2023 |
inbound274983492188183802
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসীরা গভীর রাতে হামলা চালিয়ে ভেকু দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ চারটি বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে।

এ সময় মো. আবুল বাশার ওরফে বাহের (৭৫) ও তার ছেলে মো. আরিফ হোসেনকে (৩৩) ঘরে আটকে রেখে মারধর করে গুরুতর জখম করেছে।

এ তান্ডব চলাকালীন ৯৯৯ এ ফোন করে ভুক্তভোগীরা। পুলিশ ঘটনাস্থলে গেলেও থেমে থাকেনি সন্ত্রাসী কর্মকান্ড । এ সময় অসহায় হয়ে পড়ে ওই পরিবারসহ আশ পাশের লোকজন।

বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১ টা থেকে ৩ ঘন্টাব্যাপী উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো. আবুল বাশার ওরফে বাহেরের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

এরই মধ্যে রাত ১ টার দিকে প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৭০) এবং তার দুই ছেলে মো. হাসেম (৪৫) , জসিম (৩২), নাতি মো. রাজিব (১৮) এবং মেয়ের জামাই পার্শ্ববর্তী ভাটিরচর গ্রামের সিরাজুল (৪৫) ও তার ছেলে কামরুলসহ (১৯) অজ্ঞাত আরও ৬০-৭০ জন অস্ত্রধারী সন্ত্রাসী প্রথমে বাহেরের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এরপর বাহেরের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে হাত-পা বেঁধে রাখে। শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছেলে আরিফ বের হতে গেলে তাকেও ঘরে আটকিয়ে মারধর করে হাত-পা ভেঙ্গে দেয়।

এছাড়া সন্ত্রাসীরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় দলিলপত্রসহ গুরত্বপূর্ণ সব মালামাল লুটপাট করে নিয়ে যায়।

সেই সঙ্গে, মো. আব্দুল গফুর মোল্লার কাছে বাহেরের বিক্রি করা বাড়ির ভাড়াটিয়ারা ঘরে থাকা অবস্থায় ৯টি কক্ষ সম্পূর্ণ গুড়িয়ে দেয়। ভেঙ্গে ফেলা হয় বাউন্ডারি দেয়াল ।

এতে রুমগুলোর ভাড়াটিয়াদের ব্যবহৃত মূল্যবান মালামাল বের করতে না পারায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়াও পাশের মো.জাকির হোসেনের মালিকানাধীন শাহজালাল কেইন ফার্ণিচার কারখানা ভাংচুর করে ল্যাপটপ, কর্মচারিদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেয় হামলাকারীরা।

এ সময় মো. ফারুক হোসেনের বাউন্ডারি দেয়াল ও ঘর ভাংচুর করে তারা।

সন্ত্রাসীদের এ তান্ডব চলাকালীন সময়ে মো. আব্দুল গফুর মোল্লা ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, দু’দফায় পুলিশ আসলেও তারা কোন পদক্ষেপ না নিয়ে পিছু হটে। বাহেরের চাচাতো বোন আব্দুর রাজ্জাকের স্ত্রী আউসি বেগমের (৭০) কাছে বিক্রি করা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত বাহের ও তার ছেলে আরিফুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

তবে হামলাকারীদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করেছেন।

এ প্রসঙ্গে ধল্লা পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম প্রথমে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরক্ষণে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।

তবে দেয়াল ভাঙ্গা ও একটি ভেকু দেখে ওসি স্যারকে জানাই। তিনি আমাকে জরুরী পার্টি পাঠানোর কথা বলে চলে যেতে বলেন।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এস আই রফিকের এ ধরণের বক্তব্য দেয়ার কথা নয় বলেও তিনি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর