তিন দিনের অবরোধ শেষে জনমনে স্বস্তি

মোঃ সাহাব উদ্দিন, ফেনী জেলা প্রতিনিধি : সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর ডাকে চলমান অবরোধ কর্মসূচির শেষ দিন আজ।
অবরোধ শেষ না হতেই ফেনীতে স্বাভাবিক হয়েছে যানচলাচল। জনমনে নেমে এসেছে স্বস্তি।
সরেজমিনে (২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে গিয়ে দেখা যায়, দূরপাল্লা গাড়ীর সংখ্যা তূলনামূলক কম থাকেলও শহরজুড়ে যান চলাচল ছিল অন্যান্য দিনের মতোই।
অবরোধ শেষ হওয়ায় জনমনে ফিরে এসেছে স্বস্তি। তবে দূরপাল্লার বাসে যাত্রীর সংখ্যায় কম থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।
অন্যদিকে শহরে অবরোধের প্রভাব খুব একটা পড়েনি৷ শহরে স্বাভাবিক রয়েছে সব ধরনের যানচলাচল।
অফিসগামী চাকুরিজীবী, স্কুল কলেজগামী শিক্ষার্থী ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততা দেখা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় শহরের শিক্ষার্থীরা সমস্যায় না পড়লেও বাসের সংখ্যা কম থাকায় দূর থেকে আসা শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়েছে।
মহিপাল বাস স্ট্যান্ডের বাস চালক শাহ আলম বলেন, কোম্পানি নির্দেশনা দিয়েছে সেজন্য বাস নিয়ে বের হয়েছি। তবে যাত্রীর সংখ্যা কম। বাসে পর্যাপ্ত যাত্রী হলে বাস ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করব।
মহিপাল ফ্লাইওভারে চলাচলরত একটি পণ্যবাহী ট্রাকের চালক আবদুল্লাহ বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখনো কোথাও বাধার মুখে পড়তে হয়নি।
আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন বলেন, সড়কে যাত্রী কম থাকায় গাড়ি চলাচল তুলনামূলক কম। পর্যাপ্ত যাত্রী হলে একটি করে গাড়ি ছাড়তেছি। তবে যাত্রীদের আমরা টিকেট দিচ্ছি, বিকাল নাগাদ স্বাভাবিক ভাবেই গাড়ি চলবে।
মোঃ আবছার নামে একজন যাত্রী বলেন,কাউন্টারে বসে আছি৷ একটি গাড়িতে পর্যাপ্ত যাত্রী হলেই বাস ছাড়তেছে। জরুরী কাজে ঢাকা যাওয়া প্রয়োজন, অবরোধের মধ্যে গাড়ি পেয়েছি এটাই স্বস্তি।
নুরুল্লাহ নামে একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থী বলেন, আজকে পরীক্ষা আছে। সেজন্য বাড়ি থেকে ফেনী এসেছি৷ বাস পেতে দেরী হলেও পথে তেমন কোন সমস্যা হয়নি যানচলাচল স্বাভাবিক আছে।
অবরোধের মধ্যেই সবকিছু স্বাভাবিক হওয়াতে স্বস্তিতে সাধারণ মানুষ। শহরের রিকশা চালকরা জানান, গত দুই দিনের তুলনায় আজ অনেক মানুষ বের হয়েছে।
আজ বেশী ভাড়া চালাতে পারছি। ব্যবসায়ীরা বলছেন, গত দুইদিনের তুলনায় আজ কেনকাটা কিছুটা বেড়েছে। সপ্তাহের শেষ দিন হওয়াতে অনেকেই বাজার করতে বের হয়েছেন।
এর আগে সকালে অবরোধ সমর্থনে ফেনীর ট্রাংক রোডে বিক্ষোভ করেছে জেলা বিএনপি৷ এতে জেলা বিএনপির নেতাকর্মীরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।শহরের বেশ কয়েকটি পয়েন্টসহ মহাসড়কের বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্যে করা গেছে।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
কেউ কোনধরনের নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, বিজিবি, আনসারের একাধিক টিম মাঠে কাজ করছে।













