রিক্সা ভাড়া নির্ধারণ করলো ফেনী পৌরসভা, ভাড়ায় স্বস্তি যাত্রীদের

আপডেট: November 2, 2023 |
inbound1422467560857982849
print news

মোঃ সাহাব উদ্দিন, ফেনী জেলা প্রতিনিধি : ফেনী শহরে চলাচলে নতুন রিক্সা ভাড়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে।

দীর্ঘদিন ধরে যাত্রী ও চালকদের মাঝে ভাড়া নিয়ে বিতর্ক চলে আসায় রিক্সা, মালিক, চালক যাত্রী ও সচেতন ব্যক্তিদের নিয়ে নতুন রিক্সা ভাড়া নির্ধারণ করেছে ফেনী পৌরসভা।

ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে নতুন রিক্সা ভাড়া নির্ধারণ উদ্যোগ নেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

বুধবার (১ নভেম্বর) থেকে নতুন ভাড়ার তালিকা অনুযায়ী কার্যকর হয়েছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্র জানায়, শহরে চলাচলের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ঘন্টা প্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

পৌরসভা কর্তৃক নতুন রিক্সা ভাড়া নির্ধারণে খুশী সাধারণ যাত্রীরা। মাসুদ আদনান নামে এক যাত্রী বলেন, রিক্সা চালকদের সাথে প্রায়ই ভাড়া নিয়ে ঝামেলা হত। পৌরসভার ভাড়ার তালিকা অনুযায়ী যাত্রী পরিবহন করলে এ সমস্যা আর হবে না।

সাবরিনা আক্তার নামে এক যাত্রী বলেন, নারী যাত্রীদের সাথে প্রায়ই রিক্সা চালকরা ভাড়া নিয়ে ঝামেলা করতো। নতুন ভাড়া মেনে ভাড়া নিলে এ ঝামেলা আর থাকবে না৷

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী রাইজিং বিডিকে বলেন, রিক্সা মালিক, যাত্রী ও ফেনীর সচেতন নাগরিকদের নিয়ে আলোচনা করে রিক্সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

যাত্রী পরিবহনের ক্ষেত্রে পৌরসভা কর্তৃক প্রণীত ভাড়া তালিকা না মানলে রিক্সা জব্দ সহ রিক্সার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পৌর কর্তৃপক্ষ।

সুমন নামে এক রিক্সা মালিক বলেন, পৌরসভার তালিকা অনুযায়ী ভাড়া নেয়া হয়। মাঝেমধ্যে যাত্রী ও চালকের মধ্যে ৫/১০ টাকার জন্য কথা-কাটাকাটি হয়।

সুরুজ মিঞা নামে এক রিক্সা চালক বলেন, সারাদিনে রিক্সা চালিয়ে ৪০০/৫০০ টাকা ইনকাম হয়। দিনশেষে জমা দেয়ার পর আমাদের জন্য কিছুই থাকে না। দ্রব্যমূল্যের যে দাম তালিকা অনুযায়ী রিক্সা চালালে আমরা না খেয়ে মরবো।

পৌরসভার ভাড়ার তালিকা অনুযায়ী মহিপাল থেকে পৌরসভা অফিস, ফেনী সরকারি কলেজ গেইট ও সংলগ্ন এলাকার ভাড়া ২৫/-, স্টার লাইন বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া ১০/-, পাঠানবাড়ি ও পার্শ্ববর্তী এলাকার ভাড়া ২০ টাকা। সার্কিট হাউজ, বিজয় সিংহ দিঘি ও গোল্ডেন শিশু পার্ক ১৫-২০ টাকা। পুরাতন পুলিশ কোয়ার্টার ২০ টাকা।

ফেনী পৌরসভা অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয় /এলজিইডি কার্যালয় পর্যন্ত ভাড়া ২৫ টাকা , উপজেলা পরিষদ / সদর হাসপাতাল এলাকা ২০ টাকা, স্টার লাইন বাস স্ট্যান্ড ২০ টাকা, দাউদপুর পৌর কাঁচাবাজার পর্যন্ত ২০ টাকা।

ট্রাংক রোড দোয়েল চত্বর হতে জি এ একাডেমি ও পার্শ্ববর্তী এলাকার ভাড়া ২০ টাকা, ফেনী পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকা ১০ টাকা, জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা ২০ টাকা, সালাহউদ্দিন হাই স্কুল ও পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত ৩০ টাকা। ফেনী পলিটেকনিক ও পার্শ্ববর্তী এলাকা ৩০ টাকা।

এছাড়া শহরে রিক্সা চলাচলের ক্ষেত্রে পৌরসভার সকল নিয়ম কানুন মেনে যাত্রী পরিবহনের অনুরোধ জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর