বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন করেছে কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদ। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বানারীপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বাইশারী ইউনিয়নের সচেতন মহলসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেবিইউ সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মাওলানা আবু সাইদ, সদস্য সচিব সাইদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার একটি এলাকার সামাজিক ও পারিবারিক শান্তি নষ্ট করার পাশাপাশি নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাইশারীর মাদক কারবারি সোলাইমানকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ও শান্তি ফিরে এসেছে বলেও দাবি করেন তারা।
তারা বলেন, শুধু একজন-দুজন নয়, প্রতিটি এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের চালান বন্ধে সীমান্ত ও দেশের অভ্যন্তরে কঠোর নজরদারি প্রয়োজন। মাদক কারবারি ও এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে একটি মাদকমুক্ত সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।







